ঢাকা, ৪ জুন:
গুমের সঙ্গে জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। গুমের ঘটনায় কেউই ছাড় পাবে না।”
বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, যারা গুম হয়েছেন, তাদের সম্পর্কে কী করণীয় তা জানতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিখোঁজ থাকা তিন শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন তিনি।
শফিকুল আলম বলেন, “গুমের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত ছিল র্যাবের গোয়েন্দা ইউনিট। গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী, র্যাবের ইন্টেলিজেন্স ছিল এক ভয়াবহ কিলার ও হত্যাকারী বাহিনী। পদোন্নতি ও ভালো পোস্টিং পাওয়ার জন্যই অনেকে গুম ও খুনের সঙ্গে যুক্ত হতেন।”
তিনি আরও জানান, গুম ও নির্যাতনের ভয়াবহতা তুলে ধরতে একটি যাদুঘর (হরর মিউজিয়াম) নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভবনের ভেতরেই এই মিউজিয়াম স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেখানে র্যাবের নির্যাতনের দলিল, ছবি ও প্রমাণাদি সংরক্ষিত থাকবে।
প্রেস সচিব আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে, যা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।


