28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা

advertisment
- Advertisement -spot_img

বাজেট বৃদ্ধি, হল নির্মাণ এবং জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি বুধবার (১৪ মে) সকাল ১১টায় শুরু হবে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাঠাঁলতলায় আয়োজিত এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত।

এর আগে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বৈঠক করে। তবে আশানুরূপ সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা এই কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নেন।

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেম রাকিব বলেন, “আমরা ইউজিসিতে গিয়েছিলাম, কিন্তু তারা কেবল বলেছে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি। এটি আমাদের সঙ্গে প্রতারণা।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শাহনি মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছরেও মৌলিক চাহিদাগুলো পূরণ হয়নি। প্রতিবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয়। এবার আমরা সরাসরি যমুনা পাড়ে গিয়ে প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি পৌঁছাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান করব।”

শিক্ষার্থীদের চার দফা দাবি:

১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট বৃদ্ধি এবং ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে অন্তত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।
২. দ্বিতীয় ক্যাম্পাস এবং পুরান ঢাকার ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে ২০২৫-এর মধ্যে শুরু করা।
৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কার্যক্রমের অগ্রগতি প্রতি ১৫ দিন অন্তর মুক্তমঞ্চে এসে জানাতে হবে
৪. আগামী ১৫ মে ২০২৫-এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এসব দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে যাবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ