মায়ের হঠাৎ অসুস্থতায় এইচএসসির প্রথম দিনের পরীক্ষায় কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়েছিল রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফার। পরীক্ষাকেন্দ্রে কাকুতি-মিনতি করেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।
ঘটনার পর অনেকেই আনিসাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান। শিক্ষা উপদেষ্টা বিষয়টি বিশেষভাবে বিবেচনার আশ্বাস দেন।
সবকিছু সামলে আনিসা এখন আবার পরীক্ষার জন্য প্রস্তুত। আগামীকাল রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেবেন তিনি। শনিবার (২৮ জুন) ঢাকা পোস্ট-কে আনিসা জানান, “আমি এখন প্রস্তুতি নিচ্ছি এবং আগামীকাল সময়মতো কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেব।”
একই কথা জানিয়েছেন তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা এবং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
আনিসার মা বলেন, “আমি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে আগামীকাল পরীক্ষায় অংশ নেবে। সে প্রস্তুত রয়েছে।”
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরের সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়। সেদিন রাত ৮টার দিকে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেন।
কলেজ অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, “ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তখন তার মা ঘুমাচ্ছিলেন, তাই বিরক্ত করা হয়নি। পরে আনিসার সঙ্গেই যোগাযোগ করেছি। সে জানিয়েছে, আগামীকাল থেকে সে নিয়মিত পরীক্ষায় অংশ নেবে।”
তিনি আরও বলেন, “ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনেই অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত হয় ৪৩ জন শিক্ষার্থী। পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট থেকে।


