৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরিফ খান।
সোমবার (৩০ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশিত হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাবিপ্রবির এই শিক্ষার্থী।
এদিকে জানা গেছে, শরিফ খান তার মেধার স্বাক্ষর রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও। লোকপ্রশাসন বিভাগে শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকাতেও তিনি প্রথম স্থান অর্জন করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা না হওয়ায় তার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী।
তিনি বলেন,
“আমাদের বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনে অনেক ভালো করছে। এটি আমাদের বিভাগের পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।”
শরিফ খানের প্রশংসা করে অধ্যাপক আশরাফ আরও বলেন,
“সে (শরিফ) সত্যিই খুব মেধাবী। শিক্ষক নিয়োগের চূড়ান্ত ধাপেও সে প্রথম দিকে রয়েছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”


