এক সময় যে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের আন্দোলন করেছিলেন তারাই নিজেদের “ভুল বুঝতে পেরে” একই অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন। ঘটনাটি ঠাকুরগাঁওয়ের পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের।
প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের দাবিতে রবিবার থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
দাবি বাস্তবায়নে সোমবার (১৮ নভেম্বর) জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেন তারা।
শিক্ষার্থীদের ভাষ্য, তারা ভুল করেছিলেন। নিজেদের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করতে এসেছেন।
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে আন্দেলনরত শিক্ষার্থীরা বলছেন, অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ঠিকমতো হচ্ছে না, বিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম ব্যহত হচ্ছে, ভেঙে পড়েছে প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা ও পড়াশোনার পরিবেশ।
এদিকে, শিক্ষার্থীদের দাবির বিষয়টি খতিয়ে দেখে শিক্ষা বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুতই একটি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার সেখ জাহিদুল ইসলাম।
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে হিসেবে সোমবার দুপুরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি দায়িত্বে থাকা অবস্থায় আমাদের স্কুলের অনেক উন্নয়ন করেছেন এবং আমাদের প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছেন। কিছু কুচক্রী মহলের প্ররোচনায় আমরা তাকে অপসারণের আন্দোলনে নেমেছিলাম। আমরা এখন বুঝতে পেরেছি যে, তখন আমরা ভুল করেছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানে তার মতো যোগ্য ব্যক্তি প্রয়োজন।”
সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়’কে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা।


