বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) মাদকমুক্ত রাখতে শিক্ষার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক এক সভায় তিনি এ কথা জানান।
উপাচার্য বলেন, “মাদকের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের মুক্ত থাকতে হবে। শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখা এবং ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
“মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি”—এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক, উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম এবং প্রভোস্ট কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. রুহুল আমিন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলাম এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার।
এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


