আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপাচার্য এখনো অবরুদ্ধ অবস্থায় আছেন।
উদ্ভূত পরিস্থিতির কারণে সকাল থেকে অনেক শিক্ষার্থী হল ত্যাগ করছেন। যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে ভাড়া থাকেন, তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। তাদের কুয়েটের মেডিকেল সেন্টার ও আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে তিনি জানান।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সুত্রা২৪


