তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস ছাত্রশিবিরের সভাপতি ফজলে রাব্বীকে ছাত্রদলের কর্মীরা কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসার পাশের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে ছাত্রদল কর্মী মামুনের নেতৃত্বে কয়েকজন তাকে একটি ভবনে নিয়ে যায়। সেখানে তাকে জেরা ও মারধর করা হয় এবং একপর্যায়ে ছুরি দিয়ে হাত ও মাথায় আঘাত করা হয়। চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়, তবে মামুনকে আটক করা হয়।
আহত রাব্বী জানান, হামলাকারীরা মারধরের পাশাপাশি তার পরিবার থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। টঙ্গী পশ্চিম থানা পুলিশ মামুনকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করেছে।
ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারীরা ছাত্রদলের নেতাকর্মী। তবে ছাত্রদলের এক নেতা দাবি করেছেন, এটি ব্যক্তিগত বিরোধ থেকে ঘটেছে। ভুক্তভোগী থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।


