এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্য সুখবর নিয়ে এলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ভাতা বাড়ানো হবে।
বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার যোগদান করেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমি আগেই আশ্বাস দিয়েছিলাম যে, আমরা সাধ্যমতো আগামী বছরের বাজেটে শিক্ষকদের জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর চেষ্টা করব। ১৫ থেকে ২০ বছরের বঞ্চনা এক বা দুই বছরের বাজেট দিয়ে পূরণ করা সম্ভব নয়, তবে শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে যাচ্ছি।”
তিনি আরও জানান, ২০২৪ সালের ঈদুল আজহার সময় থেকে উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হবে। তবে কতটুকু বৃদ্ধি পাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা দেননি
শিক্ষকদের কল্যাণ ও অবসর ভাতা নিয়েও নতুন পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, “এই খাতে একটি তহবিল গঠনের কাজ চলছে। এবছর কিছুটা বরাদ্দ রাখা হয়েছে, আগামী বাজেটে আরও বরাদ্দ বাড়ানো হবে। তবে এটি পুরোপুরি বাস্তবায়ন করতে কয়েকটি বাজেট লাগবে।”
তিনি দুঃখপ্রকাশ করে বলেন, “অবসর ও কল্যাণ তহবিলের কিছু অর্থ এমন একটি ব্যাংকে রাখা হয়েছিল, যা বর্তমানে সংকটে রয়েছে। কিছু ফান্ড আবার অন্যত্র চলে গেছে। এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”
ওয়াহিদউদ্দিন মাহমুদ উল্লেখ করেন, এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর ভাতা তাদের ন্যায্য অধিকার। তিনি বলেন, “এই শিক্ষকরা কখনও রাস্তায় নামেননি, তবুও আমি মনে করি, তাদের এই দাবি সবার আগে পূরণ করা উচিত। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।”
শিক্ষক সমাজের জন্য নতুন এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এখন অপেক্ষা, প্রতিশ্রুতি অনুযায়ী কত দ্রুত এসব সুবিধা বাস্তবায়িত হয়।
সুত্রা২৪


