গান্ধী জয়ন্তী নিয়ে কঙ্গনা রানাওয়াতের সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। কংগ্রেস তার মন্তব্যকে ‘অশ্লীল’ বলে অভিহিত করেছে।
মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে লোকসভার সাংসদ কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নতুন বিতর্ক উস্কে দিলেন। অভিনেত্রী একটি পোস্টে শাস্ত্রীর ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন। কংগ্রেস দাবি, জাতির জনক হিসেবে মহাত্মা গান্ধীর মর্যাদা হ্রাস পেয়েছে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’
অন্য একটি ইনস্টাগ্রাম পোস্টে, মান্ডির সাংসদ দেশে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছেন। এর ফলে কংগ্রেস পার্টির তরফ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট এসেছে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে। অনেকেই তাঁর মন্তব্যকে অশ্লীল এবং নিন্দনীয় বলে অভিহিত করেছেন।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপি সাংসদ কঙ্গনা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে অশ্লীল কটাক্ষ করেছেন। গডসে উপাসকরা বাপু এবং শাস্ত্রীজির মধ্যে পার্থক্য টানেন। নরেন্দ্র মোদী কি তাঁর দলের নতুন গডসে ভক্তকে আন্তরিকভাবে ক্ষমা করবেন? জাতির পিতা আছেন, পুত্র আছেন, শহীদ আছেন। সবারই সম্মান প্রাপ্য।’


