33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে গান গাইবেন জেমস

advertisment
- Advertisement -spot_img

সৌদি আরবে সমাজ পরিবর্তনের নতুন ধারা তৈরি করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় সৌদি আরবের বিনোদন জগতে ব্যাপক পরিবর্তন এসেছে। ২০১৮ সালে সিনেমা হলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং দেশটিতে শুরু হয় চলচ্চিত্র উৎসব, কনসার্ট ও ফ্যাশন শোর মতো আয়োজন। এরই ধারাবাহিকতায় সৌদি আরবে ‘রিয়াদ সিজন’ নামে আরেকটি বৃহৎ আয়োজন চলছে।

‘রিয়াদ সিজন’-এর অংশ হিসেবে সৌদি সরকারের আমন্ত্রণে এবার রিয়াদে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। তার ব্যান্ড ‘নগরবাউল’ পরিবেশনা করবে ২২ নভেম্বর, রিয়াদের আল-সুওয়াইদি পার্কে। এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ কালচার’।

সৌদি সরকারের মিনিস্ট্রি অব মিডিয়ার তত্ত্বাবধানে চলমান এই রিয়াদ সিজনে অংশ নিয়েছে ৯টি দেশ, যার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। ১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এ উৎসব শেষ হবে ৩০ নভেম্বর। এই আয়োজনের মূল লক্ষ্য হলো সৌদি আরব এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানো। শীতকালীন বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এই উৎসব, এমনটাই আশা করছে সৌদি সরকার।

উৎসবে প্রতিটি দেশের জন্য এক সপ্তাহ নির্ধারিত হয়েছে। সেই সপ্তাহে দেশটির সংগীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হবে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশি সংস্কৃতি ও শিল্প তুলে ধরা হবে ‘বাংলাদেশ উইক’ হিসেবে।

নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর জানিয়েছেন, “২০ নভেম্বর প্রথমবারের মতো আমরা সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছি। দর্শকরা বিনা মূল্যে আমাদের গান শুনতে পারবেন। আশা করছি, এটি দারুণ একটি আয়োজন হবে। আমরা প্রবাসী বাংলাদেশিদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।”

রিয়াদে পরিবেশনার আগে, গত শুক্রবার ঢাকার মাটিকাটা রোডের সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে একটি কনসার্টে অংশ নেন নগরবাউল জেমস। ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’ গান দিয়ে শুরু হওয়া সেই কনসার্টে তিনি একে একে গেয়েছেন ‘দিওয়ানা মাস্তানা’, ‘গুরু ঘর বানাইলা’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘মীরাবাই’, ‘তারায় তারায় রটিয়ে দেব’ এবং ‘পাগলা হাওয়া’। গানের পাশাপাশি তার গিটার পরিবেশনাও মুগ্ধ করেছে দর্শকদের। নব্বইয়ের দশকের এই রকস্টারের পারফরম্যান্স এখনও সমান জনপ্রিয়।

জেমস ও তার ব্যান্ডের এই আন্তর্জাতিক পরিবেশনা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ এক অনুভূতি হয়ে উঠবে। রিয়াদ সিজনে ‘বাংলাদেশ উইক’-এর মাধ্যমে দেশের শিল্প ও সংস্কৃতি বিশ্বদরবারে আরও এক ধাপ এগিয়ে যাবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ