হলিউড অভিনেতা ব্র্যাড পিট সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘এফ ওয়ান’-এর শুটিং চলাকালীন একটি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন। রেসিং গাড়ির দুর্ঘটনা সংক্রান্ত একটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার সময় তিনি হোঁচট খেয়ে পড়ে যান।
৫৯ বছর বয়সী এই অভিনেতা পুরো রেসিং গিয়ার পরে শুটিং করছিলেন। একটি দৃশ্যের শুটিংয়ে দুর্ঘটনাস্থল থেকে সরে গিয়ে তিনি একটি প্যাডেড ম্যাটে পড়ে যান, যা আগে থেকেই ক্রু সদস্যরা প্রস্তুত রেখেছিলেন। সেই মুহূর্তের একটি ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে হাঁটতে হাঁটতে নিরাপদ জায়গায় চলে আসছেন এবং তারপর ম্যাটে শুয়ে পড়েন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ব্র্যাড পিটের টিম তার স্বাস্থ্য সম্পর্কে আপডেট জানিয়ে বলেন, সিনেমার চরিত্রের নাম অনুসারে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে লেখা ছিল-
কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে মেডিক্যাল হেলপ দেওয়া হয়। এই ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আপাতত সানি রেসে অংশ নেবেন না এবং নিজের সুস্থতায় মনোনিবেশ করবেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং নতুন আপডেট পেলে জানাবো।
ব্র্যাড পিটের এই নতুন সিনেমাটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি, যিনি টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার জন্য প্রশংসিত। সিনেমার চিত্রনাট্য লিখেছেন এহরেন ক্রুগার এবং প্রযোজনায় আছেন জেরি ব্রুকহাইমার।
‘এফ ওয়ান’ সিনেমাটি ২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে ব্র্যাড পিটের পাশাপাশি অভিনয় করবেন হাভিয়ের বারদেম, টোবিয়াস মেনজিস, কেরি কনডন, সারাহ নাইলস এবং ইদ্রিস এলবা।
দর্শকদের অপেক্ষা এখন সিনেমাটি দেখার, যেখানে রেসিং ট্র্যাকের উত্তেজনার সঙ্গে থাকবে ব্র্যাড পিটের দুর্দান্ত অভিনয়ের ছোঁয়া।


