ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে একটি তাবুতে ইসরায়েলি বিমান হামলায় ২২ বছর বয়সী ফিলিস্তিনি শিল্পী দীনা খালেদ জাউরুব নিহত হয়েছেন।
কুদস নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে জানা যায়, দীনা গাজায় ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য বিখ্যাত ছিলেন। ২০১৫ সালে তিনি শিশু অধিকারের ওপর সেরা চিত্রকর্মের জন্য ‘আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ লাভ করেছিলেন।
তার শিল্পকর্ম বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনিদের সংগ্রাম ও দখলদার ইসরায়েলিদের হামলার ঘটনা তুলে ধরেছিল, যা তাকে একটি বিশেষ অবস্থান এনে দেয়। দীনার মৃত্যু ফিলিস্তিনি সংস্কৃতি এবং শিল্পাঙ্গনে একটি বিরাট ক্ষতি বলে মনে করা হচ্ছে।
এছাড়া, হামলার সময় দীনার পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। গাজায় চলমান যুদ্ধে ইতোমধ্যে বহু বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে অনেক শিল্পী, সাংবাদিক, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবী ব্যক্তিত্বও রয়েছেন।
এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।


