শোবিজের আলো ঝলমলে জগত থেকে বিদায় নিয়ে ইসলামি জীবনযাপনের পথে এগিয়ে চলেছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। এখন তিনি একজন ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার, পাশাপাশি ফুড ও ট্যুর ভ্লগেও সক্রিয়।
সময়ের আলোচিত ও বিতর্কিত মুখ থেকে ধীরে ধীরে নিজের অবস্থান পাল্টেছেন লুবাবা। বর্তমানে ইসলামী অনুশাসন মেনে জীবনযাপন করছেন এবং তা নিজের সামাজিক মাধ্যমে তুলে ধরছেন।
সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে ‘আলোকিত নারী পুরস্কার’ গ্রহণ করেন তিনি। পুরস্কার নেওয়ার সময় লুবাবা বলেন, “এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে, আমি নিজেও শিখছি।”
পুরস্কারপ্রাপ্তির ভিডিওতে লুবাবা লেখেন, “অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে।”
ইসলামের পথে ফিরে আসার পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ইসলামের সৌন্দর্য ও পরকাল চিন্তা নিয়ে কথা বলেন এবং অনুরাগীদের সেই পথে চলার আহ্বান জানান।
ধার্মিক জীবনযাত্রার দিকে তার এই রূপান্তর সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে, অনেকেই এই পরিবর্তনকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে।


