নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “নির্বাচন নিয়ে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট। প্রধান উপদেষ্টা জানিয়েছেন— ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। সে অনুযায়ী ইসিকে প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে, আর ইসিও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।”
রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে তিনি একনেক সভায় অংশ নেন।
বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন বক্তব্যের প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর নিজস্ব হিসেব-নিকেশ ও কৌশল আছে। কিন্তু তাতে সরকারের অবস্থান বদলাবে না।”
দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, “এ ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আমাদের জানা নেই। উপদেষ্টা পরিষদেও এমন কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”
সিলেটে পাথর লুটের ঘটনায় প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, “এ ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল অথবা তারা নীরব ছিল। প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।”


