প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় যুক্ত করতে হবে। আনন্দের মধ্যেই তারা যেন নিজেদের আবিষ্কার করতে পারে, নিজেদের মেধাকে নিজেদের চোখের সামনে নিয়ে আসতে পারে— সে দিকেই কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “শিশু-কিশোররা শুধু গান গায়, নাচে, বা বাদ্যযন্ত্র বাজায়— এটা খুব ভালো বিষয়। এসব প্রতিযোগিতা অবশ্যই হওয়া উচিত। তবে এর বাইরেও আরও অনেক কিছু করা যায়, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? কেন শুধু একটি বিষয়ে সীমাবদ্ধ থাকবে?”
তিনি আরও বলেন, “শিশুরা যেন আনন্দের মধ্যেই নিজেদের মেধা বিকাশের সুযোগ পায়, জোরজবরদস্তি নয়— ফুর্তির মধ্যেই তারা নিজেদের আবিষ্কার করবে। ধীরে ধীরে আমরা এভাবে বিভিন্ন দিক থেকে এসব কার্যক্রম রচনা করতে পারব। একদিনে সবকিছু সম্ভব নয়, তবে বৃহত্তর পরিসরে যেন কোনো শিশু বাদ না পড়ে— সেই চেষ্টাই করতে হবে। প্রত্যেকেরই কোনো না কোনো প্রতিভা আছে। একমাত্রিকভাবে মাপলে অনেকে বাদ পড়ে যাবে, কিন্তু নানা দিক থেকে মাপলে দেখা যাবে— কেউ এখানে, কেউ সেখানে এগিয়ে যাচ্ছে। তখন সবাই মনে করবে, ‘আমিও পারি।’”


