যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও হামাস নিয়ন্ত্রিত গাজায় একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার উত্তরাংশে পুনরায় প্রাণঘাতী হামলা চালানো হয়েছে।
আল-শিফা হাসপাতালের বরাতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। তবে ইসরায়েল দাবি করেছে, সেখানে অস্ত্র মজুত করা হচ্ছিল এবং তা তাদের সেনাদের জন্য হুমকিস্বরূপ ছিল।
গত ১০ অক্টোবর থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর থেকেই হামাস ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
চলতি মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চল রাফাহতে একজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন করে শক্তিশালী হামলার নির্দেশ দেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সাম্প্রতিক হামলাগুলোতে এখন পর্যন্ত ১০৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে ইসরায়েল দাবি করছে, তারা হামাসের সিনিয়র যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে এবং এতে কয়েক ডজন হামাস সদস্য নিহত হয়েছে।
পরবর্তীতে বুধবার মধ্যরাতে ইসরায়েল জানায়, তারা যুদ্ধবিরতি পরিস্থিতি পুনরায় পর্যালোচনা করছে।


