গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। কারণ হিসেবে দেশটি জানিয়েছে, বাহিনীর কোনো স্পষ্ট কাঠামো এখনো নির্ধারিত হয়নি।
আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ আবুধাবি কৌশলগত বিতর্ক ফোরামে বলেন, “সংযুক্ত আরব আমিরাত এখনো স্থিতিশীলতা বাহিনীর একটি স্পষ্ট কাঠামো দেখতে পাচ্ছে না, এবং এই পরিস্থিতিতে সম্ভবত এই বাহিনীতে অংশগ্রহণ করবে না।”
যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত এই আন্তর্জাতিক বাহিনীতে মিশর, কাতার ও তুরস্কের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সৈন্য অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই বাহিনী খুব শিগগিরই গাজায় মোতায়েন করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম চুক্তি সইয়ের পর ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোর মধ্যে তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত অন্যতম।


