চীন যুক্তরাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান আশা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের আভাস দেখা দেওয়ার পর চীনের পক্ষ থেকে এই প্রত্যাশা প্রকাশ করা হয়।
বুধবার (৬ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত ব্রিফিংয়ে বলেন, “আমরা পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জিত সহযোগিতার নীতির ভিত্তিতে চীন-মার্কিন সম্পর্ককে এগিয়ে নিতে চাই।” তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি স্থিতিশীল।”
তবে ব্রিফিংয়ের সময় পর্যন্ত ট্রাম্প প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট অর্জন করেননি। ট্রাম্পের পুনঃনির্বাচন নিয়ে সরাসরি কিছু না বললেও মাও নিং জানান, “রাষ্ট্রপতি নির্বাচন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়।”
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং কি ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করবেন? এমন প্রশ্নের জবাবে মাও বলেন, “আমরা আমেরিকান জনগণের সিদ্ধান্তকে সম্মান করি এবং নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর আমাদের প্রথাগত প্রক্রিয়ায় সম্পর্কের বিষয়গুলো পরিচালনা করব।”
প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বিভিন্ন চীনা পণ্যের ওপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করেছিলেন। ফলে অনেকের আশঙ্কা, এবারও চীনের সঙ্গে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে।
বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায়, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হয়েছেন। তাদের প্রদর্শিত ফল অনুযায়ী, ট্রাম্প ২৭৭টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন, আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।


