পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ১৮ জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার ও বুধবার দুই দিনের পৃথক হামলায় এই প্রাণহানি ঘটে।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম পাকিস্তানের বান্নু এলাকায় একটি চেকপয়েন্টে আত্মঘাতী হামলায় ১০ জন সেনা প্রাণ হারান। স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে চেকপয়েন্টে পৌঁছে বিস্ফোরণ ঘটান। এরপর সশস্ত্র হামলাকারীরা গুলি চালানো শুরু করে। এতে ১০ জন নিহত ও সাতজন আহত হন। হামলাটি চেকপয়েন্টের অবকাঠামো ও সামরিক যানবাহনে বড় ধরনের ক্ষতি করেছে।
হাফিজ গুল বাহাদুর নামের সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
আরেকটি ঘটনা ঘটে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যকায়। মঙ্গলবারের এই বন্দুকযুদ্ধে অন্তত আট জন সেনা নিহত এবং তিন জন আহত হন। সরকারি সূত্র জানায়, জঙ্গিরা একটি সামরিক ক্যাম্পে হামলা চালালে এই সংঘর্ষ শুরু হয়।
এদিকে, বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই বন্দুকযুদ্ধে ৯ জন জঙ্গিও নিহত হয়।
অন্যদিকে, সোমবার আহমেদজাই এলাকার রোচা পোস্ট থেকে অপহৃত সাত জন পুলিশ সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় উপজাতীয় নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল সশস্ত্র অপহরণকারীদের সঙ্গে আলোচনা করে তাদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করেন।
জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, মুক্তিপণ বা কোনো শর্ত ছাড়াই পুলিশ সদস্যদের ছেড়ে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সমাধানে উপজাতীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এই হামলা ও অপহরণের ঘটনায় পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


