চার দিনের সফরে আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। সফরের অংশ হিসেবে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারের পথে রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বিতাড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, তা তদন্ত করছে আইসিসি। এই তদন্তের জন্যই বাংলাদেশ সফরে এসেছেন করিম।
সফরকালীন (২৫-২৮ নভেম্বর) করিম এ এ খান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। তদন্ত সংক্রান্ত কাজ পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন।
কক্সবাজারের কর্মসূচি শেষে আগামীকাল ২৬ নভেম্বর ঢাকায় ফিরবেন তিনি। ঢাকায় অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন, আইসিসি প্রস্তাবিত উইটনেস প্রোটেকশন প্রটোকল চূড়ান্তকরণের কার্যক্রম এখন প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত গ্রহণ করা হয়েছে।
রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। এ চুক্তির আওতায় আইসিসি রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের আদালতে বিচারের জন্য হাজির করা হবে। উল্লেখ্য, মিয়ানমার রোম সনদে স্বাক্ষর করেনি।
প্রসঙ্গত, আইসিসির প্রধান কৌঁসুলি করিম এর আগে ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন। রোহিঙ্গা সংকট সমাধানে এবং মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে আইসিসির এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


