গত সপ্তাহে নিউইয়র্কে একটি বিশেষ কলা ‘শিল্পকর্ম’ হিসেবে ৭৪ কোটি টাকায় বিক্রি হয়েছে। এটি ছিল একটি সাধারণ কলা, যার গায়ে ধূসর রঙের স্কচটেপ লাগানো ছিল। আশ্চর্যজনকভাবে, এই কলাটি ৩৫ সেন্ট (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ টাকা) দিয়ে কিনেছিলেন একজন বাংলাদেশি ফল ব্যবসায়ী শাহ আলম। এরপর স্কচটেপ দিয়ে দেওয়ালে সেঁটে সেটি হয়ে ওঠে ‘শিল্পকর্ম’।
বিশ্বের আলোচিত এই কলাটি কিনেছেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে যখন ৪২ টাকার কলাটি ৭৪ কোটি টাকায় বিক্রি হয়।
নিউইয়র্ক টাইমস-এর সঙ্গে যোগাযোগের পর শাহ আলম জানিয়েছেন, যখন তিনি জানতে পারেন যে তার ৪২ টাকার কলাটি ৭৪ কোটি টাকায় বিক্রি হয়েছে, তখন তিনি কেঁদে ফেলেন। দীর্ঘ ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা শাহ আলম বলেন, “আমি গরীব মানুষ, এমন অর্থ কখনো পাইনি বা দেখি নি।”
এদিকে, এই ঘটনা প্রকাশ হওয়ার পর, ক্রিপ্টো ব্যবসায়ী জাস্টিন সান ঘোষণা করেছেন যে তিনি শাহ আলমের দোকান থেকে এক লাখ কলা কিনবেন এবং সেগুলি বিশ্বের বিভিন্ন জায়গায় বিনামূল্যে বিতরণ করবেন। তিনি এক্স (Twitter) প্ল্যাটফর্মে লেখেন, “শাহ আলমকে ধন্যবাদ জানাতে আমি তার দোকান থেকে এক লাখ কলা কিনব। এগুলি বৈধ আইডি দেখিয়ে বিনামূল্যে পাওয়া যাবে।”
এছাড়া, শাহ আলমের জন্য একটি গোফান্ড মি অ্যাকাউন্টও খুলেছে, যাতে তার সাহায্যে সংগ্রহ করা হচ্ছে অনুদান। বর্তমানে তার জন্য প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস


