পবিত্র রমজান ও ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার উপলক্ষে গাজায় সাময়িকভাবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে রাজি হয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে।
শনিবার (১ মার্চ) থেকে গাজাসহ পুরো মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হয়েছে। অন্যদিকে, ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভার ১২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে। এই দুই ধর্মীয় উপলক্ষকে কেন্দ্র করেই মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত আসে।
এর আগে, ১৯ জানুয়ারি প্রথম দফায় ৪২ দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সেই সময় হামাস ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এবং ৮ জনের মরদেহ হস্তান্তর করে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।
তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী, প্রথম ধাপের যুদ্ধবিরতির ১৬তম দিন থেকে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল দেরি করে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ইসরায়েল প্রতিনিধিদল কায়রোতে পাঠায়।
জানা গেছে, ইসরায়েল পূর্ণ যুদ্ধবিরতিতে আগ্রহী নয়; তারা কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষপাতী। অন্যদিকে, হামাস চুক্তির মূল শর্ত অনুযায়ী দ্বিতীয় দফার আলোচনার দ্রুত বাস্তবায়নে জোর দিচ্ছে।
সুত্রা২৪


