‘সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেই জনরোষ তৈরি হয়েছে। সরকার যদি আগেই তাদের গ্রেপ্তার করত, তাহলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না।’—সম্প্রতি এক টকশোতে সাবেক সিইসি নূরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি আরও বলেন, ‘যারা আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলুষিত করেছে, সেই সব সাবেক সিইসির বিচার হওয়া উচিত।’
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মব এবং জনরোষের মধ্যে পার্থক্য আছে। কোনো অন্যায়ের জন্য কেউ যদি ব্যক্তি স্বার্থে বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে একত্র করে স্বার্থ হাসিলের চেষ্টা করে, সেটাই মব। কিন্তু যারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে—কেউ অস্ত্র দিয়ে, কেউ কলম দিয়ে, কেউ মগজ দিয়ে এই ধ্বংস বা খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা টকশোতে এসে সেই খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে—তাদের বিচার কীভাবে করবেন? সরকার যেহেতু তাদের বিচার করতে পারেনি, তাই এই জনরোষের সৃষ্টি হয়েছে। আমি এটাকে মব মানতে রাজি না।’
তিনি আরও বলেন, ‘যারা এখন হঠাৎ বিএনপিপন্থি হয়ে উঠেছে, তারাই একে মব বলছে। হাসিনা যদি থাকত কিংবা ফিরেও আসে, তাতে তাদের কিছুই যাবে আসবে না। তারা এখন আওয়ামী লীগের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলে একটি ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে।’


