বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ক্ষমতায় এলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শনিবার (২৮ জুন) সকালে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ক্ষমতায় গেলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্যপ্রযুক্তি খাতকে। ন্যূনতম এসএসসি পাস করা তরুণ-যুবকদেরও আইটি খাতে চাকরির সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, ব্যবসাকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে এবং ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ শুরু করবে—একদিনও দেরি হবে না।
বিএনপির এই শীর্ষ নেতা জানান, কৃষিতে বিনিয়োগে আগ্রহীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি কৃষিপণ্য বিদেশে রপ্তানির দিকেও গুরুত্ব দেবে বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাবেক সভাপতি ফজলুল হক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।


