চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কিছু কালপ্রিটের (অপরাধী) কারণে দলের বদনাম হতে পারে। খারাপ লোককে দলে নেওয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য না হলেও চলবে—দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
রবিবার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, চাঁদাবাজদের প্রতিহত করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন, একেকজন একেক দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আনুপাতিক প্রতিনিধিত্বের সিস্টেমের নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে।
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশকে ভালোবাসেন, তারা একসঙ্গে আসুন। সমাবেশ করে আউল-ফাউল কথা বলবেন না। বিএনপি কোনো ধরনের সংঘর্ষে যেতে চায় না বলেও জানান তিনি।
Ask ChatGPT


