নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। সেই সরকার পতন হয়েছে। কিন্তু নতুন দেশ গঠন এখনও হয়নি। এবার আমরা সেই নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি। গাইবান্ধা থেকেই সেই সংগ্রাম শুরু করেছি।”
তিনি আরও বলেন, “গাইবান্ধার মানুষ দীর্ঘদিন বৈষম্যের শিকার। জুলাই গণ-অভ্যুত্থানে গাইবান্ধার ছয়জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ নতুন স্বাধীনতার পথ তৈরি করেছে। এই আত্মত্যাগ এনসিপি এবং বাংলাদেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে।”
নাহিদ ইসলাম বলেন, “এই অভ্যুত্থানে হাজারো মানুষ রক্ত দিয়েছে। এক নতুন বাংলাদেশের জন্য। যেখানে কথা বলার জন্য কাউকে পুলিশের লাঠি, গুলি কিংবা নির্যাতনের শিকার হতে হবে না। ২০২৪ সালেই আমাদের ভয় কেটে গেছে। বাংলাদেশে আর কোনো ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেবো না।”
তিনি সবাইকে সাহস করে এলাকার সমস্যা তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নির্ভয়ে কথা বলবেন, মত প্রকাশ করবেন। এনসিপি আপনাদের পাশে আছে।”
এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর সাদুল্লাপুরে সংক্ষিপ্ত পথসভা করে দুপুরে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
গাইবান্ধা থেকে শুরু হওয়া ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে এনসিপির সারা দেশব্যাপী আন্দোলনের অংশ।
উপস্থিত ছিলেন:
- সামান্তা শারমিন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক)
- ড. আতিক মুজাহিদ (যুগ্ম আহ্বায়ক)
- আখতার হোসেন (সদস্য সচিব)
- ডা. তাসনিম জারা (সিনিয়র যুগ্ম সদস্য সচিব)
- সারজিস আলম, সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন
- হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক)
- ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারী, ফিহাদুর রহমান দিবস
এছাড়া গাইবান্ধার সাত উপজেলার এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।


