জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক শুভ সূচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জুলাই বিপ্লব অর্থবহ করতে হলে গণহত্যার বিচার হতে হবে।
বুধবার (২ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালী জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত খাবার বিতরণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, মূলত ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী বাকশালীদের দীর্ঘ প্রায় ১৬ বছরের অপশাসন ও দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। দেশের মানুষ এখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে চলেছে। জুলাই বিপ্লব আমাদের এই বার্তা দিয়েছে যে, দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যা ও কোনো মনোপলীর রাজনীতি চলবে না। সংগ্রামী জনতা কোনো দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজি বা টেন্ডারবাজি সহ্য করবে না।
তিনি বলেন, দেশে আর কখনও আওয়ামী ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্র ফিরে আসবে না এবং জনগণ নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না। মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হওয়ার কারণে মানুষের মুক্তি মেলেনি। তাই জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর আইন ও সৎ লোকদের শাসন প্রতিষ্ঠায় দেশের আলেম সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সেলিম উদ্দিন আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ তাদের অধিকার নিশ্চিত করতে পারেনি। মানুষের তৈরি আইন দিয়ে তাদের ওপর শাসন ও শোষণ চালানো হয়েছে এবং তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের তৈরি আইন দিয়ে কল্যাণ সম্ভব নয়, আল্লাহর দেওয়া জীবনবিধানই একমাত্র নির্ভুল।
তিনি বলেন, আওয়ামী বাকশালীরা ইসলাম, ইসলামী মূল্যবোধ এবং বিশেষভাবে মাদ্রাসা ছাত্রদের টার্গেট করে জুলুম-নির্যাতন চালিয়েছে। ৫ মে হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মাদ্রাসা শিক্ষার্থীকে শহীদ করা হয়েছে। সেই সময় প্রধানমন্ত্রী শহীদদের প্রতি কটাক্ষ করে গরুর রক্ত মেখে অভিনয় করেছিলেন। তিনি দাবি করেন, জুলাই বিপ্লব হয়েছিল ইসলামী চেতনার ভিত্তিতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত
- প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার
- ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান
- জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়ার মুহতামিম শায়খুল হাদীস মুফতী মাওলানা নো’মান
- সহ-মুহতামিম মুফতী ওয়াজেদ আলী
- গুলশান পশ্চিম থানা জামায়াতের আমির মাহমুদুর রহমান আজাদ
- পূর্ব থানা আমির জিল্লুর রহমান।


