“অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে”—এমন উদ্ভট ও বিতর্কিত মন্তব্য করেছেন পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে উদ্দেশ্য করে বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগার। তিনি ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির একজন প্রভাবশালী সদস্য।
সম্প্রতি তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিএনপির ভেতর থেকেই অনেকে এই বক্তব্যকে ‘পাগলামি’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, ২ জুলাই বিকেলে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে রেজাউল করিম টাইগার বলেন, “যারা বিএনপি করেন, তাদের সিজদা করতে হবে তার (তুহিন) পায়ে।” তিনি আরও বলেন, “আর কেউ যদি তুহিনের বিরুদ্ধে অপপ্রচার চালান বা থেকে গিয়েও বিরোধিতা করেন, তাহলে তার প্রতিফলও পাবেন। কারণ তার (তুহিনের) কোনো বিকল্প নেই।”
বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা মহান আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করি না। এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতির ওপর আঘাত এবং রাজনৈতিকভাবে অনভিপ্রেত। তার এমন মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তার মতো কিছু নেতাকর্মীর কারণেই দলের বদনাম হচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “রেজাউল করিম এমন মন্তব্য করতে পারেন না। আমি বিষয়টি তার কাছ থেকে জেনে আপনাকে জানাব।”


