দেশে ‘মবতন্ত্র’ প্রতিষ্ঠার চেষ্টা চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ছাত্রদল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।
রাকিব বলেন, “আমরা বিশ্বাস করি, তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলমান রয়েছে। যদি এসব অপচেষ্টা অব্যাহত থাকে, তাহলে আমরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই সরাসরি কর্মসূচি দিতে বাধ্য হব।”
তিনি আরও অভিযোগ করেন, “গুপ্ত সংগঠন তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত। সারা দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।”
এই কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, থানা ও ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


