জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা মুজিববাদী সংবিধান বাতিল করে একটি সত্যিকারের গণতান্ত্রিক সংবিধান রচনা করতে চাই।” তিনি দাবি করেন, ১৯৭২ সালের সংবিধান জনগণের সব গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে এবং বিভেদ সৃষ্টি করেছে।
রবিবার (২০ জুলাই) রাঙামাটিতে এক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, “রাঙামাটির নেতা এম এন লারমা ১৯৭২ সালের সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা তাঁর মতোই একটি নতুন চুক্তি চাই— যেখানে সকল জনগণের সমান অধিকার থাকবে। পাহাড়ে দীর্ঘদিন ধরে অশান্তি ও বিভেদ জিইয়ে রাখা হয়েছে, তা দূর করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে।”
“সব গোষ্ঠীর মর্যাদা নিশ্চিত করতে হবে”
তিনি অভিযোগ করেন, “বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সঙ্গে ও ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের সঙ্গে বিভেদ তৈরি করা হয়েছে। আমরা এসব বিভেদের ঊর্ধ্বে গিয়ে সব জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি নতুন সংবিধান রচনা করতে চাই।”
সমাবেশে অন্যান্য নেতারাও বক্তব্য দেন
সমাবেশে আরও বক্তব্য দেন— জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমীন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।


