জামায়াতে ইসলামী নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির এক নেতা, যার বক্তব্য ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। এর আগেও তিনি একটি বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। তখন তিনি বলেছিলেন, “জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত”।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা বলেন, “জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামের জন্মদাতা।”
তিনি আরও বলেন, “সে জন্মদাতার সঙ্গেই তারা (জামায়াতে ইসলামী) বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে পদদলিত করছে। জামায়াতের অঙ্গসংগঠন শিবিরের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। এদের আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে, বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সাবধান থাকবেন।”
আগের বক্তব্যও ভাইরাল হয়েছিল
এর আগে, গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কামরুল হুদার একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি বলেছিলেন, “প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত—এটা আমি বিশ্বাস করি। কারণ, তিনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।”
কামরুল হুদা বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


