27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: সিদ্ধান্ত কমিশনের

advertisment
- Advertisement -spot_img

একই ব্যক্তি যেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না হতে পারেন—এমন সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে যেসব রাজনৈতিক দল এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন, তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের সংলাপের শুরুতে এই তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান না থাকার বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল ভিন্নমত দিয়েছে। তারা চাইলে জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন।”

এই প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরে আলোচনার পর বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও আম জনতার দল একই ব্যক্তির হাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব রাখার পক্ষে মত দেয়। অন্যদিকে জামায়াতে ইসলামি, এনসিপি ও বেশিরভাগ দল এই অবস্থানের বিরোধিতা করে।

এ প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, “কমিশনের পক্ষ থেকে অনুরোধ থাকবে—যারা নোট অব ডিসেন্ট দিতে আগ্রহী, তারা চাইলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাতে পারেন। তবে সনদে নোট অব ডিসেন্ট দেওয়ার অধিকার তাদের থাকবে।”

তিনি আরও জানান, সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্ধারণে একমত হয়েছে কমিশন। তবে কীভাবে বা কোন পদ্ধতিতে সেই বাছাই হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল—তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রসঙ্গে বিচার বিভাগকে এর বাইরে রাখার বিষয়টি। এ বিষয়ে কমিশন একমত হয়েছে।

কমিশন সহসভাপতি জানান, সময় স্বল্পতার কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও দ্রুত ঐকমত্য চূড়ান্ত করতে হবে, যাতে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হয়।

মঙ্গলবারের আলোচ্যসূচিতে ছিল—

  • এক ব্যক্তি একাধিক পদে (প্রধানমন্ত্রী, দলপ্রধান) থাকা প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত
  • তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সমন্বিত প্রস্তাব
  • নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুদক ও ন্যায়পাল নিয়োগ

আলোচনার শুরুতে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন, যাতে সব দল স্বাক্ষর করে।

আজকের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ