বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,
“জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। যারা নিজেদের দলই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে না।”
শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,
“জামায়াত নেতাদের কোনো বেগমপাড়া কিংবা পিসিপাড়া নেই। জামায়াতে ইসলামী কখনও দেশ ছেড়ে পালায়নি, আর পালাবে না। যারা দেশ ও জনগণকে ভালোবাসে না, তারাই বিদেশে দ্বিতীয় ঠিকানা গড়েছে এবং প্রয়োজন পড়লেই দেশ ছেড়ে পালিয়েছে।”
জামায়াত আমির আরও বলেন,
“গত ৫৪ বছরে জামায়াতে ইসলামীর কোনো নেতা একটিবারের জন্যও কারও ওপর জুলুম বা অবিচার করেননি। আমাদের কেউ চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা অপরাধে জড়িত নয় এবং হবেও না। জামায়াত যেমন দলকে নিয়ন্ত্রণ করেছে, তেমনি ভবিষ্যতে দেশকেও নিয়ন্ত্রণ করতে পারবে।”
তিনি বলেন,
“যারা নিজেদের দলই সামাল দিতে পারে না, তারা কিভাবে একটি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে? দেশের সংকটকালে আমাদের নেতারা দেশের মাটিতে ফিরে এসে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাই রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের শীর্ষ নেতাদের বিচারিক হত্যার শিকার হতে হয়েছে।”
ডা. শফিকুর রহমান বলেন,
“ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অপরাধীরা ভয় পায়। এজন্য তারা অপপ্রচার চালায়। অথচ ইসলামী রাষ্ট্রে নারীরা বাজারে যেতে পারে, হাসপাতালে যেতে পারে, তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারে—তাহলে কেন বলা হয়, ইসলামী রাষ্ট্রে নারীদের চলাফেরায় বাধা আসবে?”
তিনি বলেন,
“সব ধর্ম ও লিঙ্গের মানুষ রাষ্ট্রের কাছে সমান। ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। জামায়াত ইসলাম ও দেশপ্রেমিকদের নিয়ে কেবল মানুষ ও মানবতার কল্যাণে রাজনীতি করতে চায়।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:
- জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
- সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান
- প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
- ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ
সমাপনী বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন,
“জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। মানুষের কল্যাণে দলটি ব্যাপকভিত্তিক কর্মসূচি চালাচ্ছে। কোনো ষড়যন্ত্রই আমাদের থামাতে পারেনি, পারবেও না। আমরা একটি বৈষম্যহীন, আধুনিক, মানবিক রাষ্ট্র গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।”


