এলাকায় এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।”
রবিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “এখন আমাদের কাজ করার সময়। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়—আপনারা পিছু হটবেন না।”
তিনি আরও বলেন, “আমরা জানি, এলাকায় এলাকায় আপনাদের বাধা দেওয়া হচ্ছে। এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই—টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—এনসিপির একজন নেতাকর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব।”
সমাবেশে তিনি আরও বলেন, “আমাদের আহ্বায়ক ও সদস্যসচিব পরবর্তী দিকনির্দেশনা দেবেন। আমাদের জীবন চলে গেলেও আমরা তাদের দিকনির্দেশনা বাস্তবায়ন করব।”


