ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ওই নেতার ভাই হাসান আলী এক সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের উপজেলা কৃষি অফিসের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মিশন আলী জানায়, গত বৃহস্পতিবার উপজেলার কমলাপুর গ্রামে রাতের কোন এক সময়ে সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের আমির বিল্লাল হোসেনকে একটি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাওয়ার ঘটনায় জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সে সংবাদ এবং উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ হয়ে হাসান আলী বুধবার দুপুরে মিশন আলীর মোটরসাইকেলের গতিরোধ করে তাকে প্রকাশ্যে হুমকি দেন।
হুমকিদাতা হাসান আলীর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার ভাই, জামায়াত নেতা বিল্লাল হোসেন। খবর প্রকাশের জেরে দৈনিক কালের কণ্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকারের নামে বিল্লাল হোসেন থানায় জিডি করেছেন। এছাড়া নয়ন খন্দকারকে মোবাইল কলের মাধ্যমে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে সংবাদে বলা হয়েছে।
ঘটনাটি নিয়ে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা — দলে আছেন প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডু, সময় টিভির লোটাস রহমান সোহাগ ও কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা। তাঁরা অবিলম্বে হুমকিদাতা বিল্লাল হোসেন ও হাসান আলীকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।


