সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ছাড়া বর্তমানে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “অনেকে মনে করেন নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু নির্বাচনই উত্তরণের একমাত্র পথ নয়। ইতিহাসে দেখা গেছে, মুসোলিনি, হিটলারও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তারা নির্বাচিত হয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন। তাই যেনতেন নির্বাচন হলে হবে না, নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ।”
তিনি আরো বলেন, “২০২৪ সালে বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে জনগণ আসেনি। এবারও যদি একইভাবে একপেশে নির্বাচন হয়, তাহলে সংকট আরো বাড়বে।”
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচন নিয়েও শঙ্কা আছে। কারণ প্রশাসন ইতোমধ্যেই রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। এখন কোনো উর্ধ্বতন কর্মকর্তার নাম শুনলেই প্রথমে ভাবতে হয় তিনি জামায়াতপন্থী, বিএনপিপন্থী নাকি আওয়ামী দোসর। এই প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”
তিনি জোর দিয়ে বলেন, যেন-তেন নির্বাচন নয়, বরং জনগণের আস্থা অর্জন করতে পারে এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচন এখন সময়ের দাবি।


