জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, “আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে, তারা বাংলাদেশে ভোট বাধাদানের জন্য আস্তে আস্তে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নেওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে।”
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, অনেকে মনে করছেন— আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে। তবে এটি ভুল ধারণা। তার ভাষায়, “আকাশে-বাতাসে অনেকেই বলছে অন্যদল আমাদের ভোট দেবে। কিন্তু এখানে অনেক যদি-কিন্তু আছে। যদি দেশে একতরফা ভোট হয়, আওয়ামী লীগ সেই ভোটটাকে দমন করবে, বাধা দেবে। তখন কেন আরেকটা দলকে ভোট দিয়ে কাস্টিং বাড়াবে?”
তিনি আরও বলেন, অতীতে বাংলাদেশে যত একতরফা ভোট হয়েছে— সেখানে যারা অংশ নেয়নি বা যাদের বাইরে রাখা হয়েছে, তারা ভোটকেন্দ্রে যায়নি। বরং ভোটকে বাধাদান করেছে।
জাতীয় পার্টির বর্তমান অবস্থা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, “জাতীয় পার্টিকে এখনই অত শক্তিশালী মনে করি না। আমাদের নিজেদের সংগঠন গোছাতে হবে, শক্তি বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে।”


