বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাই না এবং কখনো করবো না।”
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। বাংলাদেশের এই ভূখণ্ডে সব জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা রাজনীতি করি।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশের এই ভূখণ্ডে সব ধর্ম-বর্ণ, গোত্র, ভাষাভাষী ও সংস্কৃতির মানুষকে নিয়ে বিএনপি সমন্বয়ের রাজনীতি করে। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এ লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে। গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিএনপি দীর্ঘ লড়াই-সংগ্রাম করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আসন্ন জাতীয় নির্বাচনে সকলে অংশগ্রহণ করা জরুরি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি ও ষড়যন্ত্রের ঘটনা দৃশ্যমান। তবে দেশি-বিদেশি যে কোনো শক্তি বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে।
এক প্রশ্নের উত্তরে তিনি পিআর পদ্ধতি প্রসঙ্গে বলেন, এটি “পারমানেন্ট রেস্টলেসনেস” তৈরি করে এবং বহু দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতির বিপক্ষে। তিনি উল্লেখ করেন, একটি জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ এ পদ্ধতির বিরোধী। তার ভাষ্য, “আমরা পিআর মানে জনগণের সঙ্গে সম্পর্ক ও জনসংযোগ বুঝি, শুধুমাত্র সরকার গঠনের পদ্ধতি নয়।”


