প্রাথমিক শর্ত পূরণ করায় ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) ও ‘বাংলাদেশ জাতীয় লীগ’ নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নতুন এ দুই রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়া, আরও ১২টি দলের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই চলছে। আর ৭টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।”
তিনি আরও জানান, এবার ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। যাচাই-বাছাই শেষে দুটি দলকে আপাতত যোগ্য মনে করা হয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। এনসিপির প্রতীক বিষয়ে শিগগিরই একটি চিঠি প্রদান করা হবে। তবে চূড়ান্ত নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।


