বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, তা বিএনপি তিন বছর আগেই শুরু করেছে।”
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, “দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে ঐক্যমতের ভিত্তিতে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে কেউ সংস্কার শিখাতে হবে না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ চেয়েছিল জেল, জুলুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে। কিন্তু সেই অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং এখন আওয়ামী লীগই নিশ্চিহ্ন হওয়ার পথে।”
স্বৈরাচার প্রসঙ্গে তিনি বলেন, “পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার চালিয়ে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল, তাদের কেউই টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগও টিকে থাকতে পারবে না।”
১/১১ প্রসঙ্গে ড. মঈন খান বলেন, “বাংলাদেশে আর ১/১১ ফিরে আসবে না। কেউ যদি তা ভাবে, সে বোকার স্বর্গে বাস করছে।”


