নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হতে পারে—এমন আলোচনার কথা উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি নোট অব ডিসেন্ট থেকে সরে আসবে এবং জামায়াত নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসবে—এ ধরনের অভ্যন্তরীণ সমঝোতার কথা শোনা যাচ্ছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি বলছে গণভোটে নাকি অনেক টাকা লাগবে। অথচ তাদের এক প্রার্থীর চাঁদাবাজির টাকাতেই একটি গণভোট আয়োজন করা সম্ভব। তিনি আরও বলেন, অতীতে ৪০ শতাংশ ভোট পেয়ে সংসদে দুই-তৃতীয়াংশ আসন দখল করার সুযোগ নিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে, এজন্যই উচ্চকক্ষ (সেনেট) প্রয়োজন।
তিনি বলেন, “আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব—তাহলে তাদের মাথা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে। তবে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই।”
ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, “আপনি যদি জুলাই সনদের আদেশ জারি করতে পারেন, তাহলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। শহীদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে সনদ বাস্তবায়নের ঘোষণা দিন।”


