আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। জামায়াতের সবুজ সংকেত পাওয়ার পর কয়েক মাস ধরে তিনি এ আসনে জনসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন।
অন্যদিকে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ও কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সরকার।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আসনে জাকির হোসেন সরকারের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন মোট ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি।


