বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোরের টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য ও যশোরের উন্নয়নের কারিগর প্রয়াত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।
ফখরুল বলেন, “বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। বিএনপি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল, যিনি গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। সুতরাং বিএনপিকে ভয় দেখাবেন না। বিএনপি কোনো ভেসে আসা দল নয়।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা-কর্মী গুম-খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা যদি রাজপথে নামি, তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যাবে।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, “নির্ধারিত সময়ে নির্বাচন দিন, দেশকে সকল সংকট থেকে মুক্ত করুন।”


