চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট সেন্টু চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ। ছবি: সংগৃহীত
ভোট দিয়ে জান্নাতে যাওয়ার প্রচারণা ইসলামসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
শনিবার (৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট সেন্টু চত্বরে বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হারুনুর রশীদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য।
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘এখন আপনারা শেখ হাসিনার বিচার চান, কিন্তু আপনারা ’৭১ সালে এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, তাদের বাড়িঘরে আগুন দিয়েছেন, মা-বোনদের পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে এসেছেন। তার বিচার চান না কেন ভাইয়েরা আমার? ন্যায়বিচার তো সবার জন্যই হতে হবে, নাকি? শেখ হাসিনার জন্যও হতে হবে, আমার জন্যও হতে হবে, আপনার জন্যও হতে হবে। এই শাসনব্যবস্থাটাই আমরা চাই।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা ১৫ বছর এ দেশের মানুষকে গুম করেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, মিথ্যা মামলায় হয়রানি করেছেন—এখন তার দল সেই ফল ভোগ করছে।
ভোট দিয়ে জান্নাতে যাওয়ার প্রচারণা ইসলামসম্মত নয় উল্লেখ করে হারুনুর রশীদ বলেন, ‘আপনারা বলেন, আপনারা ইসলামি দল। কিন্তু আপনারা যারা ইসলামিক বক্তা, ওয়াজ মাহফিলে গিয়ে যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, তাতে ইসলামের ক্ষতি হচ্ছে। আওয়ামী লীগের সময়ে তাফসির মাহফিলগুলো বন্ধ ছিল। এখন ৫ আগস্টের পর সেগুলোকে জামায়াত রাজনৈতিক মঞ্চে পরিণত করেছে—এটা ইসলামের জন্য ক্ষতিকর।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু হিন্দুদের ভোট পাওয়ার জন্য আপনি হিন্দু সম্মেলন করছেন। সেখানে প্রধান অতিথি হয়ে বলেছেন, হিন্দুরা আগামীতে জামায়াতকে ভোট দেবে। এটা বিশ্বাসযোগ্য নয়। আবার আপনি বলেছেন, জামায়াতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এ কথা ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভুল। ইসলামি ওয়াজ মাহফিল করেন ভাই, কিন্তু ভাইরাল হওয়ার জন্য নয়।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হারুনুর রশীদ বলেন, নির্বাচন যেভাবেই হোক না কেন, ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে। ভোট বিলম্বিত করে কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না। দেশে যদি অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার দায় যারা সৃষ্টি করবে, তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুল বারেক।


