নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের একাংশ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, জনগণ ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালীকে সিঙ্গাপুরের মতো আধুনিক শহরে রূপান্তর করা হবে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কবিরহাটে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম বলেন, দলের মধ্যে অনেকেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং সবাই ছিলেন যোগ্য। তবুও দল আমাকে মনোনয়ন দিয়েছে। তবে আমি চাই—আপনারা আমাকে নয়, তারেক রহমানের ধানের শীষকে ভোট দিন।
নির্বাচনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার করে তিনি আরও বলেন, “ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। কারও বাসায় মাছ-মাংস কিংবা দই পৌঁছে দিতে হবে না। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে, আমার সাথে দেখা করতে কোনো পরিচয়ের দরকার হবে না।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিলেও সবাই হয়তো আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘাঁটি হিসেবে আবার প্রতিষ্ঠিত করুন।”
কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া প্রমুখ।


