হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরাও দ্রুত আরোগ্যের জন্য সবার প্রতি দোয়া কামনা করেছেন।
এই পরিস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রচার করছে।
আলজাজিরা : ‘‘অত্যন্ত সংকটজনক’’
কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা শনিবার সকালে “বাংলাদেশের খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’, হাসপাতালে ভর্তি” শিরোনামে জানায়—
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণের কারণে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বলা হয়,
“তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে অবস্থা খুবই সংকটপূর্ণ।”
ডন : ‘‘অত্যন্ত সংকটাপন্ন’’
পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন তাদের প্রতিবেদন শিরোনাম করেছে—
“বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।”
খবরে বলা হয়, তিনবার প্রধানমন্ত্রী থাকা খালেদা জিয়াকে ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ড দেওয়া হয় এবং বিদেশে চিকিৎসার অনুমতিও ছিল না।
ডন আরও জানায়, হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর তাকে মুক্তি দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা ড. ইউনুসের মন্তব্য তুলে ধরে গণমাধ্যমটি লেখে—
“গণতন্ত্রের এই ক্রান্তিকালে খালেদা জিয়া জাতির অনুপ্রেরণা। তার আরোগ্য বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এনডিটিভি : ‘‘অতি সংকটজনক’’
ভারতের গণমাধ্যম এনডিটিভি শিরোনাম করেছে—
“বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে।”
তারা বিএনপি নেতা আহমেদ আজম খানের উদ্ধৃতি দিয়ে জানায়—
“অবস্থা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে; একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।”
গালফ নিউজ : বহুমুখী জটিল অসুস্থতা
মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ জানায় যে খালেদা জিয়া হৃদরোগ, লিভার–কিডনি সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের জটিলতা, আর্থ্রাইটিস ও চক্ষুরোগসহ দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন।
তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে তার শরীরে স্থায়ী পেসমেকার রয়েছে এবং তিনি হৃদযন্ত্রের স্টেন্টিং করিয়েছেন।
খালিজ টাইমস : শারীরিক অবস্থার বিস্তারিত
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক খালিজ টাইমসও একই ধরনের তথ্য প্রকাশ করে জানিয়েছে, দীর্ঘমেয়াদি বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি ভুগছেন এবং বর্তমানে তার অবস্থা অত্যন্ত নাজুক।


