বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংকটজনক শারীরিক অবস্থার খবরে দীর্ঘদিন দূর থেকে দোয়া করলেও শেষ পর্যন্ত আর নিজেকে থামাতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার খোঁজখবর নেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, “আজকে আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি। এজন্যই আসলাম। উনাকে একটু দেখে এসেছি।”
তিনি জানান, খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে এবং তিনি ডিপ সিডেশনে আছেন। এ অবস্থায় তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
আগে হাসপাতালে না আসার কারণ সম্পর্কে তিনি বলেন, “দূর থেকে ধৈর্য ধরে দোয়া করছিলাম। মনে হচ্ছিল এসে বিরক্ত না করি।”
মির্জা ফখরুল ইসলামের অনুরোধের কথাও স্মরণ করিয়ে তিনি বলেন, বিএনপি মহাসচিব অনুরোধ করেছিলেন যাতে ভিড় না করে শুধু দোয়া করা হয়, কারণ এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।
শেষে তিনি বলেন, “দু’চোখে একটু দেখে আসতে পেরেছি—এটাই আমার সান্ত্বনা। আল্লাহ তাআলা উনাকে সুস্থতা দান করুন।”


