জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, ছাত্রদল এখন আর শোডাউনের রাজনীতি করবে না। শোডাউন, ব্যানার, ফেস্টুন বা আধিপত্য বিস্তার—এসব থেকে বের হয়ে আসবে ছাত্রদল। তিনি বলেন, নতুন ধারার রাজনীতির সূচনা করতে এবং বিরূপ রাজনৈতিক পরিস্থিতি পাল্টাতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
শুক্রবার (২৫ অক্টোবর) পর্যটন শহর কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন সত্ত্বেও যেসব কর্মী আন্দোলন থেকে সরে দাঁড়াননি এবং দলীয় ভাইদের কষ্ট সহ্য করেছেন, তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাকিবুল বলেন, “আওয়ামী লীগ নিজেরাই সন্ত্রাসী আইন-২০০৯ তৈরি করে সেই ফাঁদে আটকা পড়েছে। ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যকলাপ ও ছাত্রদের ওপর নির্যাতনের কারণে নিরপেক্ষ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।”
তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা লিফলেটে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন, সম্প্রতিমূলক রাষ্ট্রসত্ত্বা, এবং জাতীয় সমন্বয় কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, শাকির আহমেদ, যুগ্ম সম্পাদক এম.এম মাসুদ, পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্যসচিব জাকারিয়া হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


