29.2 C
Dhaka
Sunday, June 14, 2026

পুলিশ, র‍্যাব, বিজিবিকে গুলি করতে উৎসাহিত করেছিল জাপার নেতারা – ববি হাজ্জাজ

advertisment
- Advertisement -spot_img

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করেছেন যে, জাতীয় পার্টির সংসদ সদস্যরা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে ছাত্র-জনতার ওপর সরাসরি গুলির নির্দেশ দিয়েছিল। তিনি বলেন, জাতীয় পার্টি গণহত্যার দায়ে অভিযুক্ত।

ববি হাজ্জাজ আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের হাসিনাবিরোধী আন্দোলনে যোগ দিতে আহ্বান করেছিলেন, কিন্তু তার পরিবর্তে তারা হাসিনার পক্ষ নেওয়ার পরামর্শ দিয়েছিল। তাদের নেতারা আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালিয়ে আন্দোলন দমন করতে উৎসাহিত করেছিল।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর মালিবাগে এনডিএম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সহযোগিতা করে ও লুটপাট করে জাতীয় পার্টি আর্থিক শক্তি অর্জন করেছে। তাদের নেতা-কর্মীরা নিজেরা এতটা শক্তিশালী নয়, বরং যুবলীগ-ছাত্রলীগের কিছু পলাতক কর্মীই জাতীয় পার্টির ছায়ায় এসব অপকর্ম করছে। এনডিএম গণতান্ত্রিক অধিকারের পক্ষে হলেও জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে দেশদ্রোহী বলে অভিহিত করেন হাজ্জাজ এবং তাদের কোনো রাজনৈতিক অধিকার থাকা উচিত নয় বলে মন্তব্য করেন।

এই কর্মসূচির সভাপতিত্ব করেন এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন। তিনি বলেন, জাতীয় পার্টি এখন একটি বিনোদনমূলক সংগঠন। এদের ভাড়া করে বিনোদনমূলক অনুষ্ঠানে ব্যবহার করা যেতে পারে। তিনি আরও বলেন, দেশে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোনো স্থান নেই।

অনুষ্ঠানে এনডিএমের কেন্দ্রীয় নেতা মো. মিঠু আলি, অ্যাডভোকেট নূর উল্লাহ, মাহবুব আলম, তানভীর শহীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ